জামালপুর জেলা জিয়া মঞ্চের সহসাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অভিযোগ অনুযায়ী, অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জিয়ার নিজ বাড়ি সদরের ব্রহ্মোত্তর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়াউর রহমান নরুন্দি ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে জুয়ার সাইট এবং লেনদেনের তথ্য পাওয়া গেছে।
জামালপুর সদর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জিয়ার অ্যান্ড্রয়েড ফোনে জুয়ার সাইট এবং লেনদেনের তথ্য মিলেছে। যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।’