বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে হঠাৎ অসুস্থ হয়ে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মৃত জিএম মনির হোসেন (৫৪) বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা ছিলেন।
নগরীর কাটপট্টি রোড এলাকায় আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার আকস্মিক মৃত্যুতে বিএনপি ও যুবদলের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তথ্য অনুযায়ী, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মনির হোসেন মহানগর যুবদলের সেই মিছিলে অংশ নেন।
মিছিলটি নগরীর কাটপট্টি রোড এলাকা অতিক্রম করার সময় তিনি হঠাৎ অসুস্থতা বোধ করে রাস্তায় লুটিয়ে পড়েন। মিছিলে থাকা সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।