চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে সরানোর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তারা উপাচার্য কার্যালয়ের সদর দরজায় তালা ঝুলিয়ে সেখানে একটি চিরকুট রেখে দিয়েছেন, যেখানে লেখা রয়েছে, ‘এই তালা শুধু সায়েম স্যার খুলতে পারবেন’。
গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মাত্র ৫৭ দিনের মাথায় অধ্যাপক সায়েমকে সরিয়ে দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং উপাচার্য ভবনে গিয়ে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীরা অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শাটডাউন ও গণ-অবস্থানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সকালে তারা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে ফটক বন্ধ করে দেন। চুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনও আন্দোলনে সংহতি প্রকাশ করেছে।
দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে প্রেস ব্রিফিং করে। তারা জানান, নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে, তবে নিরাপত্তা ও মেডিক্যাল সেবা এর আওতামুক্ত থাকবে।
শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতা নিয়ে উদ্বেগের প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন। বিকেল সাড়ে ৩টার দিকে নতুন উপাচার্য ক্যাম্পাসে আসার খবরে আন্দোলনকারীরা পুনরায় প্রধান ফটকের সামনে অবস্থান নেন।