সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সৌন্দর্যচর্চার নানা কৌশল প্রচলিত হলেও মুখের ত্বকের জন্য সেগুলো কতটা নিরাপদ, তা জানা জরুরি। মুখের ত্বক অন্যান্য শরীরের অংশের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। বিশেষ করে চোখ ও ঠোঁটের চারপাশের ত্বক আরও ভঙ্গুর। তাই মুখে ব্যবহৃত পণ্য বা উপাদান সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির স্বাস্থ্য বিষয়ক বিভাগে প্রকাশিত প্রতিবেদনে প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ড. কিরণ লোহিয়া ৯টি উপাদানের কথা উল্লেখ করেছেন, যা মুখে ব্যবহার করা উচিত নয়। এসব উপাদান মুখের ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।
শরীরের জন্য তৈরি বডি লোশন মুখের ত্বকে ব্যবহার করা উচিত নয়, কারণ এতে সুগন্ধির পরিমাণ বেশি থাকে এবং এটি ত্বকের ছিদ্র বন্ধ করে ব্রণের সৃষ্টি করতে পারে। চিনির স্ক্রাব মুখের ত্বকে ব্যবহার করা বিপজ্জনক, কারণ চিনির কণাগুলো ত্বকে ক্ষতি করতে পারে।
পেট্রোলিয়াম জেলি ঠোঁটের জন্য কার্যকর হলেও মুখের ত্বকে এটি ব্যবহার করলে আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি ধুলোবালি আটকে ফেলে। ফুট ক্রিম মুখে ব্যবহার করা উচিত নয়, কারণ এতে শক্তিশালী কেমিক্যাল থাকে যা মুখের কোমল ত্বকের জন্য ক্ষতিকর।
গরম পানি দিয়ে মুখ ধোয়া ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে। লেবুর রস মুখে লাগালে সূর্যের আলোর সংস্পর্শে ত্বকে জ্বালাপোড়া ও র্যাশ হতে পারে। কাঁচা রসুন লাগানোও ত্বকে ইরিটেশন সৃষ্টি করতে পারে।
পারফিউম মুখে লাগানো উচিত নয়, কারণ এতে থাকা উপাদান সূর্যালোকের সংস্পর্শে ত্বককে সংবেদনশীল করে তোলে। মুখে ব্রণ হলে টুথপেস্ট ব্যবহার করা নিষিদ্ধ, কারণ এটি ত্বকের ক্ষতি করতে পারে।