নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ১২টি মামলায় মোট ৩ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি প্রায় ৬০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, নরসিংদী সদর, শালিধা ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার এবং অনুমতি ছাড়া পৌরসভার রাস্তা কাটার অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কাছ থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা এবং গণউপদ্রব সৃষ্টির দায়ে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
এ ছাড়া অনুমতি ছাড়া রাস্তা কাটার কারণে আনুমানিক ১ হাজার ২০০টি বিটিসিএল সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। এতে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হয়েছে।
অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১১ ও ১২ ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাসের নরসিংদীর ম্যানেজার প্রকৌশলী আহমদউল্লাহ এবং মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) তারিকুল ইসলাম।
এদিকে, মাধবদী পৌরসভার রাস্তা মেরামতের জন্য আগামীকাল রোববারের মধ্যে ৬৯ হাজার টাকা ফি জমা দেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল অভিযানটি পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশ, নরসিংদী অভিযানে সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগ বন্ধ এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।