উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার একটি নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) তিনটি যাত্রীবাহী জাহাজকে আধুনিক ‘ভাসমান হাসপাতাল’ এ রূপান্তর করার পরিকল্পনা করছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা নদী বন্দর (সদরঘাট) বাদামতলী বিআইডব্লিউটিসির টার্মিনালে এই উদ্যোগের আনুষ্ঠানিক পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. এম এ মুহিতসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় ও বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা পাওয়া একটি বড় চ্যালেঞ্জ। সরকারের এই পদক্ষেপ গ্রামীণ ও দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নৌ-প্রতিমন্ত্রী সরকারের এই উদ্যোগের প্রশংসা করে জানান, নৌপথকে ব্যবহার করে মৌলিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এই প্রকল্প একটি নজির স্থাপন করবে। জাহাজগুলোকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সুবিধাদিসহ ভাসমান হাসপাতালে রূপান্তর করতে বিআইডব্লিউটিসি কাজ করবে।
প্রাথমিকভাবে, এই জাহাজগুলোতে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব এবং বহিঃবিভাগসহ একটি পূর্ণাঙ্গ হাসপাতালের যাবতীয় সুযোগ-সুবিধা যুক্ত করা হবে। এর ফলে, প্রত্যন্ত অঞ্চলের মানুষজন মূল ভূখণ্ডে না এসেই উন্নত চিকিৎসাসেবা লাভ করতে পারবেন।