রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে এই রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তাদের অনেককে মাহেন্দ্র, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চলাচলে স্থানীয় পরিবহন শ্রমিকরা বাধা দেন। এর ফলে ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের লোকজন রাজবাড়ীর লোকাল বাস টার্মিনালে লোকজন আটকে দেন এবং শ্রমিকদের মারধর করার অভিযোগ ওঠে। দুপুর ১২টার পর থেকে দুই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক জানিয়েছেন, গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চলার কথা থাকলেও বর্তমানে এর চেয়ে বেশি ট্রিপ পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার গোল্ডেন লাইনের একটি বাস চলাচলে বাধা দেওয়ার পর ফরিদপুরেও রাজবাড়ীর বাস চলাচলে বাধা দেওয়া হয়।
বাস চলাচল বন্ধ থাকায় নিয়মিত যাতায়াতকারী যাত্রী ও দূরপাল্লার যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। যাত্রীরা অভিযোগ করেছেন, দুই পক্ষের বিরোধের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত পরিবহন মালিক ও শ্রমিকদের বিরোধের সমাধান করে দুই রুটে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেছেন, বিষয়টি খোঁজখবর নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।