মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা রেসিপ্রোকাল ট্যারিফ (পারস্পরিক শুল্ক) বাংলাদেশের জন্য সর্বনিম্ন হারের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, বাংলাদেশের ওপর সাধারণ শুল্কের বাইরে বর্তমানে ১০ শতাংশ ট্যারিফ কার্যকর রয়েছে।
শনিবার (২২ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছে এবং বাংলাদেশের ক্ষেত্রে ১০ শতাংশ ট্যারিফ কার্যকর রয়েছে।
ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা উল্লেখ করে তিনি জানান, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশ ও ভারতের স্থলবন্দরগুলো কার্যকর করার আগ্রহ প্রকাশ করেছেন।
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, সিলেটে মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করতে হবে। তিনি এসএমপির কাছে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন।
মন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের গুরুত্বের ওপরও জোর দেন এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।