সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে আলোচনায় এসেছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক। সম্প্রতি তিনি ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নামের ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেছেন।
এই পর্বে চমক বেগম খালেদা জিয়ার সাজে ক্যামেরার সামনে আসেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প, যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী।
ভিডিওটি ঢাকার জিয়া উদ্যানসহ স্টুডিওতে ধারণ করা হয়েছে। সেখানে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়, যা বেগম জিয়ার পরিচিত উপস্থিতিকে মনে করিয়ে দেয়।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে। অনেকেই তার নিখুঁত সাজ ও সাবলীল উপস্থাপনার প্রশংসা করেছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, চমক আসলেই একজন প্রতিভাবান শিল্পী।
এর আগে চলতি বছরে কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। তিনি ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে প্রবেশ করেন।