অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অকার্যকর করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বৈঠকে সরকারদলীয় কয়েকজন সদস্য যথাযথ প্রস্তুতি না থাকার কথা বলে আলোচনা সংক্ষিপ্ত করার চেষ্টা করছেন।
রোববার (২৩ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার এবং ট্যাক্স-জিডিপি অনুপাতসহ চারটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। তবে সরকারদলীয় সদস্যদের অসহযোগিতার কারণে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
হাসনাত আবদুল্লাহ বলেন, বৈঠকে চিফ হুইপ অযাচিত হস্তক্ষেপ করেন এবং সরকারদলীয় সদস্যরা বৈঠককে অলংকারিক হিসেবে নিয়েছেন। তিনি আরও জানান, প্রথম বৈঠকেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে।
বৈঠকে ব্যবসায়ীদের হয়রানি বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রস্তাব রয়েছে। এছাড়া, করের আওতা বাড়ানো এবং রাজস্ব ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন প্রস্তাবও উত্থাপন করা হয়েছে।
বৈঠকে হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্নীতি প্রতিরোধে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তার কথাও বলা হয়। এনবিআরের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয় এবং কমিটির সদস্যরা আলোচনায় অংশ নেন।