সুনামগঞ্জের দিরাইয়ে ১ হাজার ৫০০ টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে দিরাই পৌর শহরের ঘাগটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন আব্দুল হাফিজ (৪০), আব্দুর রহিম (৬৫), আব্দুল মুকিত (৪৫), ইমন (২১), আশিক মিয়া (৪০), সাব্বির মিয়া (২৬) ও জুয়েল (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ আগস্ট পাওনা টাকা নিয়ে আব্দুল হাফিজ ও জুয়েল মিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়।
এরপর বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পাওনা টাকাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।