ইরানের অর্থনীতিকে ‘ধ্বংস’ করে দেশটির সরকারকে পতনের মুখে ঠেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোকে ওয়াশিংটনের পাশে থাকার আহ্বান জানিয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রচারমাধ্যম সিএনবিসিকে বলেন, ‘আমরা এই সরকারকে পতন ঘটাব। এখন আমাদের মিত্র ও বিশ্বের বাকি দেশগুলোর সিদ্ধান্ত নেওয়ার সময়।’ তিনি আরও বলেন, ‘আপনি হয় আমাদের সঙ্গে, নয়তো আমাদের বিরুদ্ধে।’
বেসেন্টের এ মন্তব্যের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানকে ‘যে কোনো ধরনের সহায়তা’ দেওয়া দেশগুলোকে বড় ধরনের অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তাদের দাবি ছিল, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে ঠেকাতেই হামলা চালানো হয়েছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
বেসেন্ট জানিয়েছেন, পরিকল্পিত নতুন অর্থনৈতিক পদক্ষেপের বিস্তারিত আগামী ২৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে।