সড়ক দুর্ঘটনা কমানো ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালী জেলায় বছরব্যাপী সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা ও সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।
সেমিনারে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী এবং মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা), নোয়াখালীর সাধারণ সম্পাদক শাকিল এবং জিটিভির জেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সেমিনারে ট্রাফিক সিগন্যাল, পথচারী ও যাত্রীদের করণীয়, নিরাপদে সড়ক পারাপার, গণপরিবহনে চলাচলের সময় করণীয়সহ সড়ক নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ। অনুষ্ঠানে ৫৭ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। বিআরটিএ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম বছরব্যাপী অব্যাহত থাকবে।