ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাইগ্রেশন বিষয়ে অনলাইনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয়ে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা এই ভোটগ্রহণ চলবে।
শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। ভোট দেওয়ার জন্য শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে রেজিস্ট্রেশন করা ফোন নম্বরে ওটিপি (OTP) পাঠানো হবে। একটি ফোন নম্বর থেকে একটি ভোট দেওয়া যাবে।
ভোট প্রদানকালে শিক্ষার্থীদের নাম, কলেজ, বিভাগ, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর, জন্ম তারিখ ইত্যাদি সঠিকভাবে উল্লেখ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রাপ্ত মতামতসমূহ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং সংগৃহীত তথ্য গোপনীয় রাখা হবে।
মাইগ্রেশন শেষে একটি যুগোপযোগী অনলাইন শিক্ষার্থী ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হবে, যা পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশসহ সব কার্যক্রম সঠিক সময়ে সম্পন্ন করতে সহায়তা করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের শিক্ষাজীবন সম্পূর্ণ সেশনজটমুক্ত করার জন্য দ্বৈত পরীক্ষক পদ্ধতি চালু করা হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সরাসরি (অফলাইন) মতামত গ্রহণের পরিবর্তে অনলাইনে শিক্ষার্থীদের মতামত বা ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, যাতে অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং প্রক্রিয়াটি অধিকতর স্বচ্ছ ও নিরাপদ হয়।