রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য নতুন ‘পিংক বাস’ সার্ভিস চালু হতে যাচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে এই বাস সার্ভিসে নারীরা চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৮ আগস্ট সকাল ১০টায় বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন হবে।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
এই উদ্যোগের মাধ্যমে নারীদের জন্য বিশেষায়িত সেবা চালুর পাশাপাশি বাস পরিচালনায় নারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।