ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা কার্যালয় অবরুদ্ধ করে রেখেছিলেন। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা প্রাধ্যক্ষকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় হল সংসদের ভিপি আবু নাঈম ও জিএস ইমামুল হাসানসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জিএস ইমামুল হাসানের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পরে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ভারপ্রাপ্ত প্রক্টরসহ কয়েকজন কর্মকর্তা প্রাধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হন। তবে শিক্ষার্থীরা তাদেরও কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।
হামলার সময় ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংও আহত হন। হামলার পর হল সংসদের জিএস ইমামুল হাসানকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রাধ্যক্ষকে কার্যালয় থেকে বের করে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী ইব্রাহিম অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়া সত্ত্বেও তা দেখানো হয়নি। তিনি দাবি করেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের কারণে তার বিচার হচ্ছে না। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।