কক্সবাজারে সাংবাদিক অন্তর দে বিশালকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের একটি মিছিল কক্সবাজার পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
মানববন্ধনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কক্সবাজারের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। তারা প্রশাসনের পরিচয় ব্যবহার করে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সাংবাদিক অন্তর দে বিশাল অভিযোগ করেছেন যে, তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে এবং সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তা গ্রহণ করা হয়নি। এই ঘটনার পর কক্সবাজার জেলা পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করা হলে তিনি জিডি করতে বলেননি বলে অভিযোগ ওঠে।
সাংবাদিকদের দাবি, সংবাদ প্রকাশের কারণে হুমকি দেওয়া কিংবা প্রশাসনের পরিচয় ব্যবহার করে ভয়ভীতি দেখানো গ্রহণযোগ্য নয়। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।