পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ সুরক্ষা এবং অস্তিত্ব রক্ষার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। তিনি জানান, এ দ্বীপের জন্য একটি মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) সেন্টমার্টিন দ্বীপে গাছের চারা রোপণ ও সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দ্বীপের জনগণের স্বার্থ এবং দেশের সার্বভৌমত্বকে সমন্বয় করে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
শেখ ফরিদুল ইসলাম উল্লেখ করেন, সেন্টমার্টিন একটি অনন্য প্রাকৃতিক সম্পদ এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিরূপ প্রভাব থেকে এ দ্বীপকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণ ও স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিন সকালে সেন্টমার্টিনের হাসপাতাল, স্কুল ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের পর বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এছাড়া, সৈকতের তীরে জমা আবর্জনা, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের কার্যক্রমও পরিচালনা করা হয়। এ কর্মসূচিতে বাংলাদেশ কোস্ট গার্ড, এনরুট ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহযোগিতা করছে।