কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ তিনজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শনিবার (০৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতদের মধ্যে রয়েছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০) এবং একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭)। এছাড়া অপহৃত এক কিশোরের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের ট্রলারসহ আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যায়।
এলাকার স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, ‘নাফ নদ ও সাগরে মাছ শিকার এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আরাকান আর্মির সদস্যরা সুযোগ পেলেই স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়।’
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, তিনি তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছেন এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য খোঁজখবর নিচ্ছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘তিনজন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’