বাংলাদেশ ব্যাংক বন্ধের প্রক্রিয়ায় থাকা পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে চারটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করার পর প্রশাসক নিয়োগ দিয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদও শূন্য ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে পৃথকভাবে এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রশাসকদের সহযোগিতার জন্য প্রতিটি প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের আরও দুজন করে কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়া প্রশাসকদের মধ্যে আভিভা ফাইন্যান্সে আলাউদ্দীন হোসেন, ফারইস্ট ফাইন্যান্সে সাদেকুর রহমান, এফএএস ফাইন্যান্সে আতাউর রহমান এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ে মোহাম্মদ ইকবাল হোসেন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। আদালতের আদেশ পাওয়ার পর এ প্রতিষ্ঠানের বিষয়েও পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রশাসকদের প্রধান দায়িত্ব হবে প্রতিষ্ঠানগুলোর অবসায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং সরকারের কাছ থেকে পাওয়া অর্থের মাধ্যমে ব্যক্তি আমানতকারীদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা। পাঁচ প্রতিষ্ঠানে সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় ১৬ হাজার ৭৬ কোটি টাকা।