বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব) একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে উভয় পক্ষের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং কৌশলগত যৌথ অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বৈঠকে নেতৃত্ব দেন।
ওকাইবের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লিসা লুও, ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ভিভিয়ান হুয়াং, এক্সিকিউটিভ ডিরেক্টর স্টিভেন ঝাং এবং সেক্রেটারি টিনা হু। বৈঠকে চীনা প্রতিনিধিরা জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য সঠিক তথ্যের অভাব রয়েছে, যা তাদের সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করছে।
বিজিএমইএ সভাপতি জানান, তারা সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন এবং যারা চীনা বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ অংশীদারিত্ব করতে আগ্রহী, তাদের তথ্য বিজিএমইএকে জানাতে অনুরোধ করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে বন্ধ ও রুগ্ন কারখানাগুলো নতুন মূলধন ও প্রযুক্তি পেয়ে পুনরায় চালুর সুযোগ পাবে এবং বিদেশি বিনিয়োগের মাধ্যমে পোশাক উৎপাদনে গতি আসবে বলে আশা করা হচ্ছে।