৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত থাকবে।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহবাগের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক লোকসমাগমের সম্ভাবনা রয়েছে।
ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বামে মোড় নিয়ে হেয়ার রোড অথবা মিন্টো রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবনের দিক থেকে শাহবাগে যেতে হলে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে চলাচল করতে হবে।
সায়েন্সল্যাব এলাকা থেকে শাহবাগগামী যানবাহনকে মিরপুর রোড–নিউ মার্কেট–আজিমপুর–চাঁনখারপুল–বকশীবাজার হয়ে অথবা বাটা ও কাটাবন ক্রসিং ব্যবহার করে হাতিরপুল কিংবা নীলক্ষেত-পলাশী হয়ে গন্তব্যে যেতে বলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, মানিক মিয়া অ্যাভিনিউ ও শেরেবাংলা নগর এলাকায় চলাচলের জন্য একাধিক বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। উড়ালসড়ক ব্যবহারকারীদের জন্য ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
রাজধানীবাসীর ভোগান্তি কমাতে এবং ট্রাফিক স্বাভাবিক রাখতে ডিএমপির নির্দেশনা অনুযায়ী বিকল্প পথে চলাচলের আহ্বান জানানো হয়েছে।