পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় বলে জানিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় পুলিশের সাফল্য রয়েছে এবং সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চান।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫ প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য দেহ-মনের সুস্থতা প্রয়োজন। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও বেশি কর্মক্ষম ও সক্ষম করে তোলে।’
তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নিষ্ঠার সঙ্গে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে সেরা খেলোয়াড় হিসেবে তৈরি করতে হবে।’
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে সিলেট রেঞ্জ চট্টগ্রাম রেঞ্জকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সিলেট রেঞ্জের জীবন ম্যান অব দ্যা ম্যাচ এবং আমিরুল ম্যান অব দি টুর্নামেন্ট হন।
এর আগে আইজিপি পিওএইচএস-১ আবাসিক এলাকায় পিওএইচএস গ্রিণ মার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে।