প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া চলতি বছরের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকের উদ্দেশ্য ছিল বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু করা, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পকারখানাগুলো দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে উৎপাদন কার্যক্রম শুরু করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন।
বৈঠকে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।