বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা প্রকাশ করেছে। বুধবার (২৯ জুলাই) রাজধানীর বনানীর শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, নতুন বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত হবে। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব বিমান বহরে যুক্ত হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ইউএস-বাংলা বর্তমানে দেশের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক এয়ারলাইন্সে পরিণত হয়েছে। নিরাপত্তা ও সেবার মান বজায় রাখার কারণে প্রতিষ্ঠানটি এ অবস্থানে পৌঁছেছে।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বোয়িং উড়োজাহাজ সংযোজনের এই উদ্যোগ বাংলাদেশের অর্থনীতি, পর্যটন, বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ। বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ জানান, নতুন উড়োজাহাজ সংযোজন ইউএস-বাংলার প্রবৃদ্ধির নতুন অধ্যায় শুরু করবে।
ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বাড়বে। তিনি দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান।