লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ফি আরোপের পরিকল্পনা করছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার এক সপ্তাহ পর এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স।
হুথিরা গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। এ পদক্ষেপের মাধ্যমে তারা ইরানকে ঘিরে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে নতুন একটি ফ্রন্ট খুলে দেয়। এদিকে, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী অধিকাংশ জাহাজের কাছ থেকে ফি আদায়ের বিষয়টি পর্যালোচনা করছে হুথিরা, তবে এটি কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
আঞ্চলিক সূত্র অনুযায়ী, হুথি কর্মকর্তারা সম্প্রতি তেহরানে গিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। পরিকল্পনার আওতায় চীনা জাহাজগুলোকে ফি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
হুথিরা বাব আল-মান্দেব প্রণালিতে সম্ভাব্য ফি আদায়ের জন্য একটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের বিষয়ে ইরানি উপদেষ্টাদের সহায়তা নিচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জৌবা জানিয়েছেন, হুথিরা লোহিত সাগরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
এদিকে, গত এক সপ্তাহে ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি বন্দর জিজানের কাছে অন্তত একটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দায় স্বীকার করেছে হুথিরা। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী কিছু জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে হুথিরা অর্থ আদায় করেছে।