বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে, এমন স্বপ্ন দেখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি জানিয়েছেন, দেশের ফুটবল অঙ্গনের সমস্যাগুলোর সমাধানের জন্য কাজ শুরু হয়েছে।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কবে বিশ্বকাপ ফুটবল খেলবে- এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি উৎসাহের জায়গা। তিনি বলেন, বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ভক্তদের মতোই আশা করেন, বাংলাদেশ কবে বিশ্বকাপে খেলবে।
প্রতিমন্ত্রী বলেন, তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারবেন না, তবে তিনি ফুটবলের উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ফুটবলপ্রেমী দেশ হিসেবে একদিন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ফুটবলের উন্নয়নের জন্য শুরু থেকে কাজ শুরু হয়েছে এবং আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে।