কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষকের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। এই সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে কুবি প্রশাসন ও আইনজীবী সমিতির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ আইনজীবী নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অপ্রতিম হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ জানান, মানবিক কারণে তারা মৌখিকভাবে একমত হয়েছেন যে, কোনো সদস্য আসামিদের পক্ষে আইনি লড়াই করবেন না। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে রাষ্ট্র নিজেই আসামিদের জন্য সরকারি আইনজীবী নিয়োগ দেবে।
সভা শেষে আইনজীবী নেতারা অপ্রতিমের ভাড়া বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান। নিহতের মা অভিযোগ করেন, ঘাতকদের সহযোগীরা তাদের নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই হত্যাকাণ্ডে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সিয়াম ছাড়া প্রধান অভিযুক্ত তুহিনসহ বাকি তিনজন আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপ্রতিম গত শুক্রবার নিখোঁজ হওয়ার পর শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়।