কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. নয়ন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জালুয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল।
অভিযানে গ্রেফতার নয়নের হেফাজত থেকে ২৩,৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এসআরবি-১১ জানায়, গ্রেফতার মো. নয়ন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গোলাবাড়ী গ্রামের আব্দুর রব ভূঁইয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মাদক সংগ্রহ ও বিক্রির বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাহিনীর দাবি, নয়ন দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
এসআরবি-১১ আরও জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।