কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আয়োজিত কাতার অর্থনৈতিক ফোরামের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। শেখ মোহাম্মদ একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করা প্রয়োজন এবং কোনো দেশ যেন অন্য দেশের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়, এমন একটি কাঠামো তৈরি করতে হবে।
শেখ মোহাম্মদ আরও জানান, চলমান সংঘাত কাতারের অর্থনীতি ও নিরাপত্তার ভিত্তিকেও বড় ধরনের পরীক্ষার মুখে ফেলেছে, তবে দেশটি এই পরিস্থিতি মোকাবিলা করছে।
এদিকে, আগামী পাঁচ বছরে কাতারের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। কাতারের কর্মকর্তাদের মতে, এই বিনিয়োগের মাধ্যমে বেসরকারি খাতের বিনিয়োগ আকৃষ্ট করা হবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আবার শুরু করার জন্য কাতারের মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সোমবার শুরু হয়ে শুক্রবার শেষ হওয়ার কথা।