বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভারত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেদের দেশের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারত নিয়ে আলোচনা করতে গিয়ে নিজেদের দেশের বিষয়গুলো ভুলে যাওয়া উচিত নয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "ডেইলি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাইতেই ইন্ডিয়া, লাঞ্চ খাইতেই ইন্ডিয়া, ডিনার খাইতেই ইন্ডিয়া— তাহলে ভাই, আপনার নিজের দেশের খাবার কোন সময় খাবেন?"
প্রতিমন্ত্রী আরও জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন কি না, সে বিষয়ে আলোচনা চলমান। তিনি বলেন, "যার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠকের প্রয়োজন হবে, তাদের সঙ্গে আলোচনা করা হবে।"
সীমান্তে হত্যাকাণ্ড এবং বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার মতো ঘটনাগুলো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয় কূটনৈতিকভাবে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
ভারতের সঙ্গে ১০১টি চুক্তির বিষয়ে হুমায়ুন কবির জানান, বিষয়টি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে এবং সংসদীয় কমিটিতেও বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।