নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, জব্দকৃত মাদকের মূল্য ৯ লাখ টাকা
নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ রূপচান বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ডিএনসি নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক হাবিব তৌহিদ ইমামের নেতৃত্বে শহরের বেলানগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল বেলানগর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক নারীকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রূপচান বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিডি দাউদপুর এলাকার মৃত কালামের স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টদের কাছে তিনি ইয়াবাগুলো নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে আসার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিএনসি।
মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি নরসিংদী শহরে মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য চক্র শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় ডিএনসি নরসিংদী জেলা কার্যালয়ের পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে নরসিংদী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।