দুর্নীতি দমন কমিশন (দুদক) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্বকালীন সময়ে এ মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত নথিপত্র তলব করেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে এসব তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চাহিদাকৃত তথ্য ও নথি দুদকে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম স্বাক্ষরিত চিঠিতে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠনের কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৭ মে এবং ২০২৬ সালের ১৮ এপ্রিলের স্মারকের মাধ্যমে সম্পন্ন বদলি সংক্রান্ত নথির সত্যায়িত অনুলিপিও চাওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়মবহির্ভূত সুবিধা প্রদান ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যা কমিশন বর্তমানে খতিয়ে দেখছে।