আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী নিজের বৈবাহিক জীবন ও স্বামী সম্পর্কে এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি রসিকতা করে জানান, তিনি তার স্বামীর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র স্ত্রী।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই অভিজ্ঞতা তুলে ধরেন। পোস্টে দীপ্তি লেখেন, ‘আমার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি (স্বামী) নিশ্চিত করেছেন, ভবিষ্যতে আর কোনো বিয়ে করার সম্ভাবনা তার নেই। আমার সাথে পরিচয়ের আগে তিনি বিবাগী বিজ্ঞানী হিসেবে জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন।’
তিনি আরো লেখেন, ‘সব অতি পরিচিত, অল্প পরিচিত শুভানুধ্যায়ীরা তার বিয়ে দেওয়ার নানা রূপ চেষ্টা করে হাল ছেড়ে দিতে শুরু করেছিলেন। আমি তাকে প্রেমের ফাঁদে ফেলে তার বৃহৎ মহৎ চিন্তা জগতে ক্ষুদ্র সাংসারিক স্বপ্ন বুনে দিই।’
দীপ্তি চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত নির্দিষ্ট কিছু মানুষের নানাবিধ কটূক্তি, উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার, ট্রলিং আমার ভদ্রলোক স্বামীকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি।’
প্রসঙ্গত, চলতি বছরের ৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুশতাক ইবনে আইয়ুবকে বিয়ে করেন দীপ্তি চৌধুরী। তিনি টেলিভিশন টকশো ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’সহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পরিচিতি লাভ করেন।