শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে রাজশাহীর নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে কলেজ গভর্নিং বডির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে তিনি নিজের ফেসবুক আইডিতে ‘গভীর শোক’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন, যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। পোস্টের ক্যাপশনে তিনি ‘বিনম্র শ্রদ্ধা’ লেখেন।
সোহেলী আক্তার বলেন, তিনি বরখাস্তের বিষয়ে কিছু জানেন না এবং রোববার ছুটি নিয়ে কলেজে আসেননি। তার ফেসবুক পোস্টটি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসার পর সোমবার সকালে নন্দনগাছী কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিলের আয়োজন করে। তারা তার স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম জানান, প্রভাষক সোহেলী আক্তার রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়ার কারণে কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কলেজ গভর্নিং বডির সভাপতি সাইফুল ইসলাম বলেন, সর্বসম্মতিক্রমে সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।