লালমনিরহাট-২ আসনের বিএনপির সংসদ সদস্য রোকন উদ্দিন (বাবুল) বিরুদ্ধে দলের শৃঙ্খলা অমান্য ও অনিয়মের অভিযোগ তুলেছেন আদিতমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। তারা অভিযোগ করেছেন, এমপি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলের সঙ্গে সমন্বয় না করে নিজস্বভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন।
সোমবার (১৭ আগস্ট) বিকেল পাঁচটায় আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তোলা হয়। লিখিত বক্তব্যের শিরোনাম ছিল ‘সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন’ এবং এটি পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সালেকুজ্জামান প্রামাণিক।
সালেকুজ্জামান বলেন, রোকন উদ্দিন দলের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করছেন না এবং নিজের স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, এমপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশ করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নির্বাচনের পর এমপি দলের নেতা-কর্মীদের নিয়ে কোনো মূল্যায়ন সভা করেননি এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেননি। এমপি আগামীকাল একটি বিধিবহির্ভূত সভা আহ্বান করেছেন, যা দলের মূল নেতাদের অজ্ঞাত বলে দাবি করা হয়।
এদিকে, রোকন উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। তিনি বলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত অধিকাংশ ব্যক্তি তাঁর বিরোধিতা করেছেন এবং তিনি এমপি নির্বাচিত হওয়ায় তাঁদের ক্ষোভ প্রকাশ করছেন।