রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ, রোববার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হবে। ইসি সচিব আখতার আহমেদ জানান, মনোনয়নপত্র পরীক্ষা চলবে যতক্ষণ না শেষ হবে।
তিনি বলেন, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র রয়েছে।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবার ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্যপদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।