তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, কায়রোর এই চুক্তিতে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে এবং জোটটি ভবিষ্যতে আরও সদস্য গ্রহণের জন্য উন্মুক্ত।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উল্লেখ করেছেন এরদোয়ান। আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, চুক্তির কোনো সদস্য রাষ্ট্র বাইরের কোনো পক্ষের সশস্ত্র হামলার শিকার হলে তিন দেশ সমন্বিতভাবে পদক্ষেপ নেবে।
‘মক্কা প্যাক্ট’ নামে পরিচিত চুক্তিটি গত শুক্রবার পবিত্র মক্কা নগরীতে স্বাক্ষরিত হয়। এতে তুরস্কের প্রেসিডেন্ট, সৌদি যুবরাজ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
বিশ্লেষকেরা এর যৌথ প্রতিরক্ষা কাঠামোকে ন্যাটোর আর্টিকেল ৫-এর সঙ্গে তুলনা করেছেন। তবে পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, চুক্তিটিকে ন্যাটোর সমতুল্য হিসেবে দেখা ঠিক হবে না এবং এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।
এরদোয়ান সাক্ষাৎকারে আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন। তিনি হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এবং সিরিয়া, গাজা ও লেবাননের চলমান সংঘাত প্রসঙ্গে মন্তব্য করেন। তার মতে, হরমুজ বন্ধ থাকা কোনো পক্ষেরই স্বার্থে নয়।