রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের স্মৃতিফলক উন্মোচন করেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “জুলাই স্মৃতি জাদুঘর কেবল একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।”
ড. ইউনূস জানান, এই জাদুঘর থেকে নতুন যাত্রাপথ রচিত হবে এবং পথ হারিয়ে গেলে এখান থেকেই নতুন শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের তরুণ-তরুণী ও নাগরিকদের এখানে আসা উচিত এবং তাদের অনুভূতি লিখে রাখার জন্য উৎসাহিত করেন।
তিনি বলেন, জাদুঘরের কবরগুলো প্রকৃত কবর নয়, তবে প্রতিটি কবরের সঙ্গে একটি করে নাম থাকবে, যা ইতিহাস খুঁজে বের করতে সহায়তা করবে। সাধারণ পরিবারের ছেলে-মেয়েরা রাজপথে নেমেছিল এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে এসেছিল।
ড. ইউনূস আশা করেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে নিজেদের মনের কথা প্রকাশ করবে। তিনি জাদুঘরকে দেশের সংস্কৃতির পীঠভূমিতে পরিণত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, জাদুঘরটি ইতিহাসের আতুরঘরের দৃশ্য তুলে ধরবে এবং নতুন সূত্র রেখে যাবে। অনুষ্ঠানের শেষে তিনি উপস্থিত সবার প্রতি জাদুঘরটি ঘুরে দেখার আহ্বান জানান।