বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদনকে ‘অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করেছে। সংগঠনটির মতে, প্রতিবেদনটিতে বিচ্ছিন্ন স্ক্রিনশট ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে, যা শিক্ষকদের ভীতসন্ত্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, গত ৪ আগস্ট প্রকাশিত প্রতিবেদনটি অত্যন্ত দুঃখজনক। সংগঠনটি দাবি করেছে যে, এই ধরনের অপপ্রচার শিক্ষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ একটি অরাজনৈতিক সংগঠন, যা মহান মুক্তিযুদ্ধের আদর্শে গঠিত। সংগঠনটি গত ১ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত, বরখাস্ত ও একাডেমিক শাস্তির শিকার শিক্ষকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এছাড়া, সংগঠনটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠু ও নিরাপদ একাডেমিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে শিক্ষক সমাজকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান ও অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মর্যাদাশীল শিক্ষা পরিবেশ প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন।