বাংলাদেশ খেলাফত আন্দোলন বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানকে কোনো ব্যক্তি বা দলের একক অর্জন হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছে।
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, জুলাইয়ের আজাদি একক কোনো ব্যক্তি বা দলের নয় এবং এর মূল স্লোগান ছিল ‘গোলামি না আজাদি’। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে শেখ হাসিনার শাসন থেকে আজাদি মিললেও দেশের মানুষ এখনও প্রকৃত আজাদি পায়নি।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আরও দাবি করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে কখনোই প্রকৃত আজাদি প্রতিষ্ঠা সম্ভব নয় এবং খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।
দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিরাপত্তা এবং অবদানের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, যারা মানুষের অবদানের স্বীকৃতি দেয় না, তারা আল্লাহর শুকরিয়াও আদায় করে না।