সন্তান প্রতিপালনের প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। নতুন মা-বাবারা শিশুকে নিয়ে বিভিন্ন বিষয়ে দুশ্চিন্তায় ভোগেন, বিশেষ করে ঘুমানোর অভ্যাস নিয়ে। সন্তানকে কতদিন মা-বাবার সঙ্গে শোওয়ানো উচিত, এ নিয়ে অনেক অভিভাবকের মনে প্রশ্ন রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ছোট শিশুর সঙ্গে একই বিছানায় ঘুমালে তার মানসিক বিকাশ এবং নিরাপত্তাবোধ বৃদ্ধি পেতে পারে। তবে কিছু নিরাপত্তা নিয়ম মেনে চলা জরুরি। শিশুর জীবনের প্রথম দিকে মা-বাবার কাছাকাছি থাকা তার মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করে, যা মানসিক চাপ কমাতে সহায়তা করে।
শিশু বিশেষজ্ঞদের মতে, শিশুর বয়স অনুযায়ী ঘুমানোর অভ্যাস পরিবর্তিত হতে পারে। ১ বছর বয়স পর্যন্ত শিশুকে মা-বাবার সঙ্গে একই ঘরে ঘুমানো উচিত। ১ থেকে ৩ বছর বয়সী শিশুরা আবেগগতভাবে মা-বাবার সঙ্গে যুক্ত থাকে, তাই এই বয়সেও তাদের সঙ্গে ঘুমানোই ভালো। ৩ থেকে ৬ বছর বয়সে ধীরে ধীরে আলাদা বিছানায় ঘুমানোর জন্য প্রস্তুত করা উচিত।
৬ বছর বয়সের পর শিশুকে আলাদা ঘরে ঘুমাতে দেওয়া যেতে পারে, তবে এটি শিশুর প্রস্তুতির ওপর নির্ভর করে। বিশেষজ্ঞরা মনে করেন, আলাদা ঘুমানো একটি স্বাভাবিক পদক্ষেপ হওয়া উচিত, জোর করে নয়।
হাদিসের আলোকে, সন্তানের বয়স ১০ বছর হলে আলাদা বিছানায় শোয়ানো আবশ্যক। ৭ বছর বয়সে বিছানা পৃথক করার ব্যাপারে সতর্ক হওয়া উচিত। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় সন্তানের চাহিদা ও মানসিক প্রস্তুতি বিবেচনা করা প্রয়োজন।