জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন দাবি করেছেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব। তিনি বলেন, রাষ্ট্রপতি পদ থেকে সরে আসার পর সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়।
রোববার (২৬ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তির আয়োজনে ‘জুলাই স্মরণে আলোচনা সভা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। আখতার হোসেন সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় না আনার বিষয়টিকে ‘ভুল কনসেপ্ট’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের পর ছাত্রনেতারা একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন, যা বাস্তবায়ন হয়নি। যদি তা করা হতো, তাহলে দেশের রাজনৈতিক ইতিহাস ভিন্নভাবে লেখা হতে পারত।’ তিনি আরও জানান, সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে শপথ ভঙ্গ করেছেন এবং গণহত্যার সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন।
আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতি পদে থাকাকালীন সাহাবুদ্দিনের বক্তব্যে পরস্পরবিরোধিতা রয়েছে। তিনি একবার বলেছেন পদত্যাগপত্র পেয়েছেন, আবার অন্য সময় বলেছেন পাননি। এর মাধ্যমে তিনি জনগণের সঙ্গে মিথ্যাচার করেছেন।
অনুষ্ঠানে এনসিপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। ইবি ছাত্রশক্তির সদস্য সচিব ইশতেহার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান।