নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ দাদার হত্যার বিচার দাবিতে মানববন্ধন
রায়পুরা উপজেলা প্রতিনিধি।
নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ সরকারের হত্যার সঠিক ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ ডিসেম্বর ২০২৫, বিকেল ৪টায়, বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী জানান, স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করেন। তারা বলেন—ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে বিভিন্ন বয়সীর বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বক্তারা বলেন, “একজন নিরীহ স্বর্ণ ব্যবসায়ীকে যেভাবে বাড়ি থেকে বের করে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় এবং হৃদয়বিদারক। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার না হলে আরও কঠোর আন্দোলনে নামা হবে।”
এ সময় নিহত প্রাণতোষ সরকারের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং নিরাপত্তাহীনতার উদ্বেগ তুলে ধরে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়।