নারায়ণগঞ্জে ধর্ষণে বাধা ও হত্যা চেষ্টার ঘটনায় ছাত্রদল নেতা মামুন – র্যাব-১১’র অভিযানে মূল আসামি নুর ইসলাম আটক।
নাজাত ডেস্ক রিপোর্ট।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণে বাধা দেওয়ায় ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে ছাদ থেকে ফেলে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি নুর ইসলাম (৪৮)কে আটক করেছে র্যাব-১১।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর অপরাধীদের দ্রুত গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সদর কোম্পানির একটি চৌকস দল ২৫ আগস্ট ২০২৫ বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ঝালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে নুর ইসলামকে গ্রেফতার করে। আটক নুর ইসলামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা চিতাশাল এলাকায়।
গণমাধ্যম ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২২ আগস্ট শুক্রবার দিবাগত রাতে ফতুল্লার পাগলা চিতাশাল এলাকার কবির মাস্টারের ভাড়া বাড়িতে মফিজ (৪০) নামে এক সন্ত্রাসী তার দলবল নিয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন সেখানে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মফিজ ও তার সহযোগীরা মামুনকে এলোপাথাড়ি মারধর করে এবং একপর্যায়ে চারতলার ছাদ থেকে নিচে ফেলে দেয়। গুরুতর আহত মামুনকে আশপাশের লোকজন দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
পরে ভিকটিম সেলিনা বেগম ফতুল্লা থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় ৩নং আসামি নুর ইসলামকে র্যাব গ্রেফতার করে ফতুল্লা থানায় হস্তান্তর করেছে।