নরসিংদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রের মৃত্যু
নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদী সদর উপজেলার গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রিফাত নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে রিফাতকে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। কথোপকথনের সময় তাকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। একপর্যায়ে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেন ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, বন্ধু ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।