ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একটি ভুয়া ও নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-১৯। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ ও বেবি জেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) ও কারখানার মালিক বাইজিদ হোসেন শাহেদকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ম্যানেজার জিল্লুর রহমানকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’ নামের প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার প্রথমে বাইজিদ হোসেন শাহেদকে আটক করা হয়। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটি থেকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল যৌন উত্তেজক ওষুধ এবং শিশুদের জন্য ক্ষতিকারক জেলি জব্দ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, অভিযানের পর ম্যানেজার জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত ক্ষতিকারক তরল ওষুধগুলো স্থানীয় একটি ডোবায় ফেলে ধ্বংস করা হয় এবং অন্যান্য মালামাল জব্দ করা হয়। র্যাব-১৯-এর কোম্পানি অধিনায়ক মেজর ফারহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাকিব রহমান আকাশ জানান, আটক শাহেদের তথ্যের ভিত্তিতে এই আয়ুর্বেদিক কারখানায় অভিযান চালানো হয়। সেখানে মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর নকল ওষুধ তৈরি হচ্ছিল এবং এর কোনো বৈধ অনুমোদন ছিল না।