চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের মোটরসাইকেল আটক হওয়া নিয়ে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে তারা পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় একটি চেকপোস্টে আক্তারুজ্জামানের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। এ সময় মোটরসাইকেলটির নিবন্ধন না থাকায় সেটি আটক করা হয়। এরপর পুলিশের সঙ্গে আক্তারের বাগবিতণ্ডা হয়।
এ ঘটনার পর ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ সদস্যরা কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়েন। গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, আক্তারুজ্জামানের মোটরসাইকেলটির কাগজপত্র ছিল না এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবে এটি আটক করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম জানান, মোটরসাইকেল আটক নিয়ে পুলিশের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, যা পরে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার ঘটনা ভুল ছিল বলে তিনি স্বীকার করেন।
এ বিষয়ে আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।