নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বাদুয়ারচর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে একতরফা প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে নরসিংদীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জাইদুল হক নামে এক ব্যক্তি।
অভিযোগে জাইদুল হক দাবি করেন, পৈতৃক সম্পত্তির অংশ তাকে বুঝিয়ে না দিয়ে তার বসতভিটার প্রায় এক শতাংশ জমি নিজেদের নামে নামজারি করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে গত ২৯ জুন ২০২৫ তারিখে হাজীপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে নোটিশ জারি করা হয়।
অভিযোগকারীর দাবি, নোটিশের পর তিনি হাজীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোছা. লুৎফুল নাহারের সঙ্গে যোগাযোগ করেন। তাকে সরেজমিন তদন্তের কথা বলা হলেও পরবর্তীতে যথাযথভাবে তার কাগজপত্র যাচাই না করে একতরফা প্রতিবেদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জাইদুল হক আরও জানান, সংশ্লিষ্ট জমির বিষয়ে তার নামে বি.আর.এস পর্চা রয়েছে এবং নামজারি ও খাজনা পরিশোধ করা হয়েছে। এছাড়া পৈতৃক সম্পত্তির ২ দশমিক ৩৩ শতাংশ জমি নিয়ে নরসিংদী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে।
অভিযোগে জমি দখলের চেষ্টা, গাছ কাটার ঘটনা, হুমকি এবং অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগের কথাও উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা করার কথাও জানান তিনি।
তবে অভিযোগের বিষয়ে হাজীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোছা. লুৎফুল নাহার বলেন, “আমি কোনো প্রতিবেদন দেইনি। এ বিষয়ে আমি কিছুই জানি না।”
এ অবস্থায় অভিযোগে উত্থাপিত বিষয়গুলো এবং ভূমি অফিসের কথিত প্রতিবেদনের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী। একই সঙ্গে জমির মালিকানা ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।