বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের সংকট নেই এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত পরিস্থিতি নিরাপদ থাকবে। তিনি এ কথা বলেন চট্টগ্রামের বিপিসির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায়।
ড. রফিকুল ইসলাম বলেন, গত মার্চ থেকে জুলাই পর্যন্ত তেল বেশি দামে কিনে কম দামে বিক্রি করার কারণে সরকারকে প্রায় ২০ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হয়েছে। তিনি জানান, ডিসেম্বর মাসের জন্য আরও ১১ হাজার কোটি টাকার ভর্তুকির প্রয়োজন হতে পারে। তবে সরকার জনগণের প্রয়োজনে এই চাপ নিতে প্রস্তুত রয়েছে।
বিপিসির চেয়ারম্যান বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের হাতে কিছুই নেই। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি বিপিসির সক্ষমতা দিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে।”
এলপিজি আমদানির বিষয়ে তিনি জানান, বিপিসির দুটি স্টেজ রয়েছে। একটি হলো মাতাবাড়িতে এলপিজি নিয়ে আসা এবং অপরটি ভিএলজিসি’র মাধ্যমে বাল্ক সাইজে সরবরাহ করা। তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে নতুন শিপ আসবে এবং এলপিজি আমদানি কার্যক্রম শুরু হবে।
মতবিনিময় সভায় বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।